ব্যাটিং পজিশন বদল নিয়ে ভাবনা নেই লিটনের, লক্ষ্য নিউজিল্যান্ড সিরিজ

তিন ফরম্যাটে নিয়মিত খেলছেন লিটন দাস। তবে ফরম্যাটভেদে ব্যাটিং পজিশন বদলালেও এতে কোনো সমস্যা দেখছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ফরম্যাট অনুযায়ী মানসিকতা ও দায়িত্ব বদলে যায়। টেস্টে তিনি ছয় নম্বরে, ওয়ানডেতে চার বা পাঁচে এবং টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে খেলছেন,সব ক্ষেত্রেই দলের চাহিদা অনুযায়ী নিজেকে মানিয়ে নিচ্ছেন।

তিনি বলেন, “ফরম্যাট আলাদা, তাই দায়িত্বও আলাদা। দল আমাকে যে ভূমিকায় চায়, সেটাই পালনের চেষ্টা করছি। টি-টোয়েন্টিতেও নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা আছে, তাই কোনো সমস্যা হওয়ার কথা না।”

আসন্ন সিরিজে দলে নেই পেসার মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে লিটন বলেন, “মুস্তাফিজ তো মুস্তাফিজই, তার অভাব পূরণ করা কঠিন। তবে সে না থাকলে অন্যদের দায়িত্ব নিতে হবে, সেইভাবেই দল গড়া হচ্ছে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করার হতাশা নিয়েও কথা বলেন অধিনায়ক। তার মতে, দল এখন সেই অধ্যায় পেছনে ফেলে সামনে এগিয়ে গেছে।

“আমার মনে হয় সবাই মুভ অন করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা এখন সামনে তাকিয়ে ভালো ক্রিকেট খেলতে চাই,”-যোগ করেন লিটন।