উত্তর বাড্ডায় ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বাসা থেকে মুনিরা মাহজাবিন (মিমো) (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উত্তর বাড্ডার একটি ভবনের নবম তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাড্ডা থানা পুলিশের উপ-পরিদর্শক মোছা. ফাতেমা সিদ্দিকা সোমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের মা তাহামিনা আক্তার জানান, মেয়ের মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে কিছু আর্থিক লেনদেনের বিষয় উল্লেখ ছিল।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।