বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে রাজশাহী, খুলনা বিভাগসহ বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বৃষ্টির কারণে কিছুটা প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী কয়েকদিন ধরেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সোমবার থেকে বুধবার পর্যন্ত ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।





