ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ দীর্ঘদিন পর পাকিস্তানি বংশোদ্ভূত এক ক্রিকেটারের অন্তর্ভুক্তি দেখা গেল। ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার রেহান আহমেদকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
ইংলিশ ব্যাটার বেন ডাকেট-এর বদলি হিসেবে ৭৫ লাখ রুপিতে আইপিএলের বাকি মৌসুমে খেলবেন রেহান। আসর শুরুর আগে ডাকেটকে ২ কোটি রুপিতে কিনেছিল দিল্লি, কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে তিনি নিজেকে সরিয়ে নেন। নিয়ম অনুযায়ী, এতে তিনি দুই বছরের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন।
ডাকেটের সরে দাঁড়ানোর পর শুরুতে কোনো বিকল্প না নিলেও, মাঝপথে এসে রেহানকে দলে ভিড়িয়েছে দিল্লি। সম্প্রতি বিগ ব্যাশ লিগ-এ ভালো পারফরম্যান্স করায় তার ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারই প্রথমবার আইপিএলে খেলবেন তিনি।
এর আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ-টি-টোয়েন্টি ব্লাস্ট, বিগ ব্যাশ এবং আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন রেহান। এখন পর্যন্ত ৯৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৫টি উইকেট নেওয়ার পাশাপাশি ১২৬ স্ট্রাইক রেটে করেছেন ১০৭১ রান, যা তাকে একজন কার্যকর অলরাউন্ডার হিসেবে তুলে ধরে।





