মানিকগঞ্জ–সাভারের এসএসসি কেন্দ্র পরিদর্শনে মন্ত্রী

মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাকেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তিনি সাভার ও মানিকগঞ্জের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন। এর মধ্যে ছিল সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়ার মডেল একাডেমি।

পরিদর্শনের সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং সিসিটিভি কন্ট্রোল রুম থেকে পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি জানান, পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের সুবিধার জন্য কেন্দ্রগুলো আগেভাগে খোলা রাখা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি নজরদারি রাখা হয়েছে।

এবার দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নিচ্ছে প্রায় ১৮ লাখের বেশি শিক্ষার্থী।