বিএনপির রাজনীতি সুবিধাবাদ ও দ্বিচারিতার ওপর দাঁড়িয়ে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমানে যে রাজনীতি করছে, তা মূলত সুবিধাবাদ ও দ্বিচারিতার ওপর প্রতিষ্ঠিত।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক অভিযোগ করেন, নির্বাচনের আগেই বিএনপি গোপনে গণভোটে ‘না’-ভোটের পক্ষে কাজ করেছে। তার দাবি, দলটির ৩০০ আসনের প্রার্থীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘না’-ভোটের প্রচারে সক্রিয় ছিল। তবে ‘হ্যাঁ’-ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হলে পরাজয়ের আশঙ্কায় শেষ মুহূর্তে দলীয় চেয়ারম্যান অবস্থান পরিবর্তন করেন।

তিনি বলেন, “বৈতরণি পার হওয়ার পর বিএনপি তাদের অঙ্গীকার ভুলে গেছে।” এ ধরনের রাজনীতিকে তিনি ‘মোনাফেকি’ আখ্যা দিয়ে বলেন, ভবিষ্যতে এভাবে চলতে থাকলে দলটি জনগণের কাছে জবাবদিহির মুখে পড়বে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে মামুনুল হক বলেন, অতীতে একাধিক সংশোধন হলেও তা টেকসই হয়নি। তার মতে, জনগণ এবার একটি কার্যকর ও কাঠামোগত সংস্কার প্রত্যাশা করেছিল।

এছাড়া তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও পূরণ করা হচ্ছে না। তিনি বলেন, “জুলাই সনদের স্পিরিট বাস্তবায়ন না করে তা নিয়ে আবারও প্রতারণা করা হচ্ছে।” এভাবে চলতে থাকলে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।