ডিএনসিসি কেন্দ্রীয় ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, কেন্দ্রীয় ঈদ জামাতে মুসল্লিদের কোনো অসুবিধা না হয় এবং নারী-পুরুষ সবাই স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ বছর ডিএনসিসি নগরবাসীর জন্য আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের আয়োজন করেছে। ঈদের দিন সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

প্রশাসক জানান, এবারের ঈদে বৃষ্টির পূর্বাভাস থাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টিলের স্ট্রাকচার দিয়ে শেড তৈরি করা হয়েছে, যাতে বৃষ্টিতেও মুসল্লিরা আরামদায়কভাবে নামাজ আদায় করতে পারেন।

ঈদ জামাতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এবং তাদের জন্য আলাদা প্রবেশপথও নির্ধারণ করা হয়েছে।

নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, দশ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত মুসল্লির জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি রয়েছে। প্রবেশপথে আর্চওয়ে থাকবে এবং নামাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

প্রশাসক নগরবাসীকে কেন্দ্রীয় ঈদ জামাতে নামাজ আদায়ে অংশ নেওয়ার আহ্বান জানান।

পরিদর্শনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর এবং প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।