অলিউল্লাহ মোল্লা অলির পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও সেই বেদনাময় স্মৃতি এখনো ভুলতে পারেনি পরিবারটি। সময়ের ব্যবধানে সম্পর্কের বন্ধন ঢিলে হয়নি, থেমে যায়নি খোঁজখবরও। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সহমর্মিতা ও দায়িত্ববোধের বার্তা নিয়ে পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলির পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো ঈদ উপহার।

বুধবার (১৮ মার্চ) সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান নিজ হাতে এই উপহার পৌঁছে দেন অলির পরিবারের কাছে। এ সময় তার স্ত্রী ছালিমা খাতুন ও সন্তানরা উপহার গ্রহণ করেন।

জানা গেছে, ২০১৬ সালের ১০ জুলাই শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা অলি পুলিশের গুলিতে নিহত হন, যা পরিবারটির দাবি অনুযায়ী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। দীর্ঘ সময় পার হলেও তাকে এবং তার পরিবারকে ভুলে যাননি বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিবারের সদস্যরা জানান, এর আগে ২০২৪ সালে অলির বড় মেয়ে নাঈমা সুলতানার বিয়ে এবং ২০২৫ সালের ৩১ আগস্ট দ্বিতীয় মেয়ে সাদিয়া সুলতানার বিয়ের আনুষ্ঠানিক দায়িত্বও গ্রহণ করেছিলেন তারেক রহমান।

স্থানীয় নেতাকর্মীদের মতে, রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার ধারাবাহিকতার অংশ হিসেবেই অলির পরিবারের খোঁজখবর নেওয়া ও সহায়তা অব্যাহত রেখেছেন দলীয় প্রধান।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক নেতা অধ্যাপক আবু সাঈদ, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেম, জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী, শ্রমিকদল নেতা আসমত আলী, কৃষকদলের উপজেলা আহ্বায়ক নুরুজ্জামান, যুবদল নেতা নাজমুল হোসেন, জুয়েল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।