দুপুরের মধ্যেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, মিলতে পারে স্বস্তি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গুমোট আবহাওয়া কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে কখনো অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ ছাড়া পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।