ঈদযাত্রায় শৃঙ্খলা ফেরাতে কড়া পদক্ষেপ, নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা বন্ধ

ঈদযাত্রার বাড়তি চাপ সামাল দিতে এবং অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে সরাসরি মাঠে নেমেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি জানিয়েছেন, নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে এ সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর সদরঘাট এলাকায় যাত্রী নিরাপত্তা, সেবা ও সার্বিক পরিস্থিতি তদারকি শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠার প্রবণতা পুরোপুরি বন্ধ করা হবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কঠোর নজরদারি জোরদার করা হবে। সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে তিনি নিয়ম মেনে চলার এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। ভবিষ্যতে যাত্রী পারাপারে ঘাট থেকে দূরে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যাতে অনিয়ন্ত্রিত নৌকা-লঞ্চ চলাচল বন্ধ করা যায়।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তার দাবি, একজন যাত্রীও অভিযোগ করেননি যে তাদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের সুবিধা বিবেচনায় সরকার ইতোমধ্যে ভাড়া ১০ শতাংশ কমিয়েছে, যা বর্তমানে কার্যকর রয়েছে। প্রতিদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলছে।

কেউ অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করলে তা প্রমাণসহ উপস্থাপনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।