ঈদে জনসমাগমস্থলে র‌্যাবের কড়া নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানসহ সকল গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান, সব জেলা ও উপজেলায় থাকা ঈদগাহ ময়দান, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাটসহ যেখানে জনসমাগম হয়, সেসব স্থানে অতিরিক্ত র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, মোবাইল পেট্রোলিং, ফুট স্টার্টিং টহল ও চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ডগ স্কোয়াড, বোম ডিস্পোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ রোধে অভিযান অব্যাহত থাকবে।

কর্নেল ইফতেখার আহমেদ বলেন, সাইবার ক্রাইম, গুজব ও উসকানি প্রতিরোধের জন্য সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে। যেকোনো অভিযোগের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আশ্বস্ত করেন, এবারের ঈদ উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপিত হবে।