নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শপথ গ্রহণ

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ। গত বছর তরুণ প্রজন্মের নেতৃত্বে সরকার পতনের পর চলতি বছরের মার্চের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বড় জয় পায়।

শুক্রবার (২৭ মার্চ) শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

শপথের আগে ৩৫ বছর বয়সী বালেন্দ্র একটি গান প্রকাশ করেন, যেখানে নেপালের ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা তুলে ধরা হয়। রাজনীতিতে আসার আগে তিনি একজন জনপ্রিয় র‌্যাপার ছিলেন।

পরবর্তীতে তিনি রাজধানী কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন এবং মাত্র তিন বছরের মধ্যেই তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

গত বছরের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি হঠাৎ করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিলে দেশটির তরুণরা ক্ষুব্ধ হয়ে ওঠে। মাত্র এক সপ্তাহের আন্দোলনে তার সরকারের পতন ঘটে।

নেপালের তরুণ সমাজ দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অভিজাত শ্রেণির আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেয়, যার প্রতিফলন দেখা যায় সর্বশেষ নির্বাচনে। সেখানে পুরোনো রাজনীতিবিদদের বড় অংশকে প্রত্যাখ্যান করা হয়।

কে এই বালেন্দ্র শাহ?

বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামেই বেশি পরিচিত, বর্তমানে কাঠমান্ডুর মেয়র। ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন তিনি। নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষে ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতে র‌্যাপার ও গীতিকার হিসেবে পরিচিত ছিলেন। তার গানগুলোতে প্রায়ই দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিষয় উঠে আসত।

২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে অংশ নিয়ে বড় দলগুলোর প্রার্থীদের হারিয়ে ৬১ হাজারের বেশি ভোট পেয়ে জয়লাভ করেন তিনি।