কৃত্রিম তেল সংকট ও চোরাচালান রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারদলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে এসব তথ্য সাংবাদিকদের জানান চিফ হুইপ নুরুল ইসলাম।

চিফ হুইপ জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও সরকার তা নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে জ্বালানির দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির পাশাপাশি সীমান্ত দিয়ে তেল পাচারের সঙ্গেও জড়িত-এমন অভিযোগ পাওয়া গেছে। এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযানসহ কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেল আসার পথে রয়েছে।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে কেউ যেন অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত করতে না পারে এবং কোথাও দাম বৃদ্ধি না পায়—সেদিকে নজর রাখতে বলা হয়েছে। আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য দেবেন।

দুর্ঘটনা ও শোক প্রস্তাব
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। পাশাপাশি সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। এসব দুর্ঘটনার কারণ ও প্রতিরোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেন।

সংসদীয় কার্যক্রম ও নতুন উদ্যোগ
চিফ হুইপ বলেন, দেশে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী মন্ত্রীদের সংসদ সদস্যদের কাছে বিস্তারিত তথ্য উপস্থাপনে বাধ্য করেছেন, যাতে তারা নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিং অনুষ্ঠিত হবে।

সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা না হলেও আগামীকালের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া সংরক্ষিত নারী আসনসহ অন্যান্য বিলের প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমা দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।