দেশজুড়ে ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো থেকে তেল খালাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ভূত সম্ভাব্য সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিপিসির এক বার্তায় নতুন সময়সূচির বিষয়টি জানানো হয়।
বিপিসি জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ কার্যক্রম চালু রাখা হয়েছে। এ প্রেক্ষাপটে ফিলিং স্টেশন, পড পয়েন্ট, ডিলার ও পাম্পগুলোতে জ্বালানি পণ্য পৌঁছে দিতে ডিপোগুলো থেকে সরবরাহের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম চলবে। সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিপিসি।





