দেবিদ্বার-চান্দিনা সড়ক হাইওয়েতে রূপান্তরের দাবি হাসনাত আবদুল্লাহর

কুমিল্লার দেবিদ্বার থেকে চান্দিনা পর্যন্ত সড়কটি প্রশস্ত করে হাইওয়েতে উন্নীত করার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার মতে, সড়কটি উন্নয়ন করা হলে ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১) নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের প্রায় ১ লাখ ৭২ হাজার মানুষ তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, আর তিনি তাদের পক্ষ থেকেই এই দাবি তুলছেন। দেবিদ্বার থেকে চান্দিনা পর্যন্ত সড়কটি দিয়ে প্রায় ২ লাখ মানুষ নিয়মিত যাতায়াত করলেও এর প্রস্থ মাত্র ১২ ফুট। ফলে দুটি সিএনজিচালিত অটোরিকশাও পাশাপাশি চলাচল করতে পারে না, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে।

তিনি আরও জানান, সড়কটি ওই এলাকার ১১টি ইউনিয়নের মধ্য দিয়ে গেছে। এটি প্রশস্ত করা গেলে সেখানে শিল্পকারখানা, কোল্ড স্টোরেজসহ বিভিন্ন অবকাঠামো গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এছাড়া সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় এটি উন্নয়ন করা হলে ঢাকা থেকে সিলেটের যাতায়াত পথও প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে।

সামগ্রিক উন্নয়ন ও যাতায়াত সুবিধা বাড়াতে দেবিদ্বার-চান্দিনা সড়কটি দ্রুত হাইওয়েতে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

বক্তব্যের এক পর্যায়ে স্পিকারের উদ্দেশে তিনি বলেন, সংসদের নিয়ম-কানুন অনেক সময় সদস্যদের কার্যক্রমে বাধা সৃষ্টি করে। তাই কোনো সাংবিধানিক জটিলতায় না ফেলে কার্যকরভাবে কাজ করার সুযোগ দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।