বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেছেন, ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। তিনি জানান, স্বচ্ছতা ও সময়নিষ্ঠার সঙ্গে প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের কপিরাইটস ভবনে হিট প্রকল্প কার্যালয় পরিদর্শন এবং অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ইউজিসি চেয়ারম্যান বলেন, এই প্রকল্প উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রকল্পের বিভিন্ন উপাদান সরকারের উচ্চশিক্ষা উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় অতিরিক্ত উদ্যোগ বা অর্থায়নের প্রয়োজন হবে না; বরং সরকারের সহায়তা আরও জোরদার হবে।
তিনি আরও বলেন, কেবল অর্থ ব্যয় নয়, প্রকল্পের মূল লক্ষ্য হওয়া উচিত উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মানুষের কল্যাণে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব নিশ্চিত করা। গবেষণা প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা, আইনগত কাঠামো ও নৈতিকতা বজায় রাখার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মো. সাইদুর রহমান এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে ৫০ দশমিক ৯৬ শতাংশ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার এবং বাকি ৪৯ দশমিক ৪ শতাংশ অর্থ দেবে বিশ্বব্যাংক।





