সিএমএসএমই খাতের উন্নয়ন ছাড়া অর্থনীতি গতিশীল নয়: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই (ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প) খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সিএমএসএমই খাতের উন্নয়ন মানেই দেশের সার্বিক উন্নয়ন। এ খাতকে এগিয়ে নিতে সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করতে পারে।

ড. তিতুমীর আরও বলেন, দেশের আর্থিক খাতে সংস্কার প্রয়োজন, বিশেষ করে ব্যাংক কোম্পানি আইনসহ অন্যান্য আর্থিক নীতিমালায় পরিবর্তন আনা জরুরি।

তিনি জানান, শ্রমঘন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিকারী খাতগুলোর উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানা পুনরায় চালু এবং নারী উদ্যোক্তাদের সহায়তায় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে ব্যাংকিং ও আর্থিক খাতের বিভিন্ন প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা অংশ নেন।