দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সৈয়দপুর বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। তিনি জানান, সোমবার সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।
সতর্কতার অংশ হিসেবে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি তৎপরতা শুরু করেছেন। বিমানবন্দরের ভেতরে ও আশপাশে টহল জোরদার করা হয়েছে এবং প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত নির্দেশনা না এলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার ভিত্তিতেই এই উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করে ব্যবস্থা জোরদার করা হয়েছে।





