পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন সক্ষমতা বাড়াতে ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় এ বিনিয়োগ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। একই সভায় কারখানার সম্প্রসারণের জন্য জমি কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
কোম্পানি জানিয়েছে, বর্তমান কারখানায় ‘ওপেন-অ্যান্ড (রোটর) স্পিনিং’ উৎপাদন সক্ষমতা দৈনিক ২৫ টন থেকে বাড়িয়ে ৫০ টনে উন্নীত করা হবে। এই প্রকল্পের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় অবশিষ্ট বা ‘রিকভারড ম্যাটেরিয়ালস’ ব্যবহার করে সুতা উৎপাদন বাড়ানো হবে। উৎপাদিত সুতা মূলত কোম্পানির নিজস্ব ডেনিম উৎপাদনে ব্যবহার করা হবে, যা সামগ্রিক উৎপাদন দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয়ের ৭০ শতাংশ ঋণ এবং বাকি ৩০ শতাংশ ইকুইটি থেকে সংগ্রহ করা হবে। কোম্পানির হিসাব অনুযায়ী, প্রকল্পটি প্রায় ৪ বছর ৮ মাসের মধ্যে বিনিয়োগ ফেরত দিতে সক্ষম হবে। এছাড়া ১৫ বছরের প্রকল্প মেয়াদে ইকুইটির ওপর বার্ষিক গড় রিটার্ন ২৭ দশমিক ৮ শতাংশ এবং প্রকল্পের সামগ্রিক রিটার্ন ১৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় বিদ্যমান কারখানার পাশে ৫০ দশমিক ৩৭ ডেসিমল জমি কেনার অনুমোদন দিয়েছে কোম্পানির পর্ষদ। এ জন্য প্রায় ৮ কোটি ৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভে রয়েছে ৭০০ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে ৬৫ দশমিক ৪১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে, ২২ দশমিক ৭৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং বাকি শেয়ার সাধারণ ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে।





