সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে ৩২ হাজার ৩৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৬৪ জন।
চতুর্থ দিনের পরীক্ষায় সাধারণ বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কঠোর নজরদারি ও সিসিটিভি ব্যবস্থার মধ্যেও অসদুপায় অবলম্বনের দায়ে ৪৯ জনকে বহিষ্কার করা হয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২৪ জন, মাদ্রাসা বোর্ডে ২৪ জন এবং কারিগরি বোর্ডে ১ জন।
বোর্ডভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বোর্ডে ৩ লাখ ৮ হাজার ৬৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৭৩৯ জন অনুপস্থিত ছিলেন এবং ৭ জন বহিষ্কৃত হয়েছেন। রাজশাহী বোর্ডে অনুপস্থিত ২ হাজার ১৪৩ জন। কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩৭২ জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কৃত। যশোর বোর্ডে ২ হাজার ৫৭ জন অনুপস্থিত ও ২ জন বহিষ্কৃত। চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬১৯ জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কৃত। সিলেট বোর্ডে ৮৮৭ জন অনুপস্থিত ও ২ জন বহিষ্কৃত। বরিশাল বোর্ডে ১ হাজার ৬১৩ জন অনুপস্থিত ও ৬ জন বহিষ্কৃত। দিনাজপুর বোর্ডে ১ হাজার ৬২৭ জন অনুপস্থিত এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১২৮ জন অনুপস্থিত ও ৫ জন বহিষ্কৃত হয়েছেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৫৩ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২ লাখ ৪০ হাজার ৭৩২ জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১১ হাজার ২৮৭ জন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত এবং ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে।





