চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রী পরিবহনের ফ্লাইট কার্যক্রম শেষ হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, এবার মোট ২০১টি ফ্লাইটের মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী রয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী।
হজ শেষে দেশে ফেরার ফ্লাইট আগামী ৩০ মে শুরু হবে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।
এদিকে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী। তাঁদের মধ্যে ১৫ জন মক্কায় এবং ৯ জন মদিনায় মারা যান। সর্বশেষ ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) মারা গেছেন বলে জানানো হয়েছে।





