যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিনকার্ডের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউএসসিআইএস)। নতুন নিয়ম অনুযায়ী, অস্থায়ী ভিসাধারীদের এখন আর গ্রিনকার্ড আবেদন করার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রয়োজন হবে না। তারা নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাস বা কনস্যুলারের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শুক্রবার এক বিবৃতিতে ইউএসসিআইএস জানায়, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক বিদেশিদের এখন থেকে দেশের বাইরে থেকেই কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। সংস্থাটি বলছে, অভিবাসন আইন ও আদালতের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আবেদনকারীর প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সব প্রাসঙ্গিক তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন ব্যক্তি এই ‘অসাধারণ প্রতিকার ব্যবস্থা’র (এক্সট্রা-অর্ডিনারি রিলিফ) আওতায় পড়বেন কি না, তা যাচাই করা হবে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে।
এতদিন পর্যন্ত শিক্ষার্থী, পর্যটক ও কর্মভিসাধারীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ার মাধ্যমে গ্রিনকার্ডের আবেদন করতে পারতেন। এটি দীর্ঘদিন ধরে সহজলভ্য একটি পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই সুযোগ আর থাকছে না। আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ দূতাবাসের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীর সংখ্যা কমানো এবং অভিবাসন প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ আরও কঠোর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।





