আ. লীগ নিষিদ্ধের দাবিতে রংপুরে বাদ জুমা গণজমায়েত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা গণজমায়েতের ডাক দিয়েছে রংপুরেরে সর্বস্তরের জনতা । শুক্রবার (৯ মে) রংপুর ডিসির মোড় চত্বরের সামনে এই জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য আব্দুল মুনঈম।

আব্দুল মুনঈম বলেন, ‘আজ ৩১৩-ই জুলাই। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোন আশ্বাসে কাজ হবে না। আওয়ামীলীগকে নিষিদ্ধ ঘোষণা করে বিচারের আওতায় না আনা পর্যন্ত লড়াই চলবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’

এর আগে আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ছাত্র-জনতা । এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ এখনো চলছে। সকাল আটটার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা যোগ দেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন।

কখনো টানা, আবার কখনো কিছুটা বিরতি দিয়ে যমুনার সামনে স্লোগান দিয়ে যাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা। সেখানে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সংক্ষিপ্ত বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে ও ভেতরে সেই দাবি বলেছি। কিন্তু আজকে ৯ মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।’

এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। রাত একটার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হন। রাত দুইটার দিকে সেখানে যান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা।