গত রবিবার একটি স্বার্থান্বেষীমহল কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় দাউদকান্দিতে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা আওয়ামী সুবিধাবাদীদের শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও দাউদকান্দির সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামের খন্দকার আবুল খায়ের। তিনি বলেছেন সিন্ডিকেট এই সংবাদটি অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং আমাকে হেয় করার জন্য।
এক প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সর্বৈই মিথ্যা ও বানোয়াট। কারণ তিনি ছাত্রজীবন থেকেই শহিদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিতে জড়িত ছিলেন। দাউদকান্দির গণমানুষের নেতা সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথে রয়েছে তার ঘনিষ্ঠতা। এমনকি ওয়ান ইলেভেনের সময় যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ড. মোশাররফকে মিথ্যা মামলায় গ্রেফতার করে, তখন কারা হেফাজতে পিজি হাসপাতালে চিকিৎসার সময় সার্বক্ষণিক তার পাশে ছিলেন খন্দকার আবুল খায়ের। যেসব ছবি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে।
তাছাড়াও গত ০৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরও দাউদকান্দি উপজেলা বিএনপির তত্ত্বাবধানে সুন্দলপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কাজ বেগবান করতে কাজ করছেন। শুধু তাই নয় সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তসলিম উদ্দিন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয়দের সাথে সমন্বয় করে বিএনপির ওয়ার্ড কমিটি পুনর্গঠন করেছেন তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে।
মূলত সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে তার দাবি।
প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ আমলে তিনি নাকি বিএনপির নেতাকর্মীদের হামলা, মামলা ও নানাভাবে হয়রানি করেছেন। অথচ ২০২০ সালে বিএনপি করার কারণে আওয়ামী লীগের করা মিথ্যা মামলায় তাকে কারাবরণ করতে হয়েছে।
খন্দকার আবুল খায়ের আরও বলেন- বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপিপুত্র মোহাম্মদ আলী সুমনের সাথে একটি ভিডিও ক্লিপকে আমার আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ হিসেবে অপপ্রচার করা হচ্ছে।
প্রকৃতপক্ষে সে সময় উপজেলা চেয়ারম্যান একটি সামাজিক অনুষ্ঠানে আসলে এলাকার সন্তান হিসেবে আমিও ছিলাম। এতে কোনো রাজনৈতিক অভিলাষ ছিলো না। এলাকার মানুষের স্বার্থেই ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়েছে। মূলত আমিসহ আমার পুরো পরিবার আপদমস্তক বিএনপি ও শহিদ জিয়ার আদর্শের রাজনীতির সাথে জড়িত।





