জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মাগুরায় মানহানির মামলা

মাহফিলের মঞ্চে আরাফাত রহমান কোকোর নাম নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মাগুরার আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। তিনি মাগুরা শহরের ভায়না চোপদারপাড়া এলাকার বাসিন্দা এবং সামছুদ্দিন আহমেদের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমির হামজা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত একটি মাহফিলে তিনি জনসম্মুখে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং পরে বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। এতে প্রয়াত আরাফাত রহমান কোকোর মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাবমূর্তিও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী কাজী আনম সিরাজুদ্দিন মিহির জানান, মামলাটি মাগুরা সদর উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নথিভুক্তির জন্য আবেদন করা হয়েছে।

এদিকে মামলার বাদী শরিফুল ইসলাম বলেন, প্রয়াত আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সমাজে সম্মানিত ব্যক্তি। তাকে নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য শুধু তার পরিবার নয়, তার অনুসারী ও শুভানুধ্যায়ীদেরও গভীরভাবে আহত করেছে। ন্যায়বিচারের আশায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

দেশের বিভিন্ন আদালতে এ ধরনের মামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে এবং কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী।