ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামিরা ধরা পড়েনি। এ ঘটনার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নিউমার্কেট মোড়ে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তারা সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং বলেন, হত্যার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়া প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক।
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করেন, যে সরকার একটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অক্ষম, তার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজনও সম্ভব নয়। তারা দাবি জানান, হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং বিচারের মুখোমুখি করা হোক। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
কর্মসূচিতে নেতারা শহীদ হাদিকে আজাদির লড়াইয়ে এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে স্মরণ করেন এবং বলেন, বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদের প্রভাবে ভোগান্তিতে ফেলার সুযোগ দেওয়া হবে না। হাদির হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চ।





