আমিনবাজার হাসপাতালে সেবা চালুতে ৭ দিনের আল্টিমেটাম

সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম চালু করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সাভারের আমিনবাজারে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনে এসে তিনি এ নির্দেশনা দেন।

আমান উল্লাহ আমান বলেন, এক সপ্তাহের মধ্যে হাসপাতাল পুরোপুরি চালু করতে হবে-এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনগণের স্বার্থে দ্রুত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে, অন্যথায় দায়িত্বে থাকা ব্যক্তিদের সরে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, হাসপাতালে এখনো আউটডোর সেবা চালু হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। প্রতিদিন রোগীরা যেন এখানে এসে সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, একজন চিকিৎসকের একটি আশ্বাসবাণীও রোগীর জন্য বড় সহায়তা হতে পারে-তাই আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, আমিনবাজার একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে মানুষের চিকিৎসা সেবার প্রয়োজন অনেক বেশি। তাই হাসপাতালটি দ্রুত সচল করা জরুরি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, রাতারাতি সবকিছু সম্ভব না হলেও প্রাথমিক চিকিৎসা সেবা থেকে যেন কেউ বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ কাজে নিজের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. ফারহানা কবীর, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।