ঈদের দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে আবার শুরু হলো ক্লাস কার্যক্রম

রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের টানা ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই নিয়মিত ক্লাস শুরু হলো।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে পাঠদান তুলনামূলক কম হয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। এ ঘাটতি কাটিয়ে উঠতে ছুটির পর থেকে পুরোদমে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের করা রিটের পর হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তীতে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। এতে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হয়।

পরবর্তীতে সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর ছিল।

এদিকে, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। গত ২৫ মার্চ সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং প্রতিদিন তা বজায় রাখতে নিয়মিত তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বাগান পরিচর্যা এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।