বেনাপোল থেকে পলাতক আসামি রাসেল পাঠান গ্রেপ্তার

ময়মনসিংহের প্রথম শহীদ সাগর হত্যা মামলার পলাতক আসামি রাসেল পাঠান (৩৭) গ্রেপ্তার করেছেন বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ। রাসেল পাঠান ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, রাসেল পাঠানকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে স্থানীয় থানায় হস্তান্তর করলে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্র বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) নিহত হন। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা, আসাদুজ্জামানের ছেলে। এ ঘটনায় পুলিশ কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে।