রাজশাহীতে ২৪ টি ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে ২৪টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার উত্তর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করা হয়।

এছাড়া একই রাতে পৃথক আরেকটি অভিযানে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-৪টি রামদা, ৫টি হাসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং ২টি হাতলযুক্ত হ্যামার।

র‌্যাব জানায়, উদ্ধার করা আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা কিংবা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাব-৫ এর অভিযান অব্যাহত রয়েছে।