৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীরা সবাই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পিএসসি আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করে। কমিশন জানায়, প্রিলিমিনারিতে অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে।
পিএসসি সূত্রে জানা গেছে, ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে জানা যাবে। এছাড়া টেলিটকের এসএমএস সেবার মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। এজন্য যে কোনো মোবাইল ফোন থেকে PSC50 লিখে একটি স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ‘Qualified’ অথবা ‘Not Qualified’ হিসেবে ফল জানানো হবে।
এদিকে পিএসসি জানিয়েছে, আগামী ৯ এপ্রিল থেকে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে পারে। লিখিত পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িকভাবে যোগ্য ঘোষিত কোনো প্রার্থী যদি নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না রাখেন, প্রয়োজনীয় সনদ বা কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন কিংবা প্রতারণার আশ্রয় নেন, তবে তার প্রার্থিতা বাতিল করা হবে।
এছাড়া আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য প্রদান, তথ্য গোপন, জাল সনদ দাখিল, বয়স বা শিক্ষাগত যোগ্যতার সনদে পরিবর্তন, কিংবা গুরুতর কোনো ত্রুটি ধরা পড়লে লিখিত পরীক্ষার আগে বা পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ১৯০টি কেন্দ্রে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট আবেদন করেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের সর্বোচ্চ ৬৫০ জন স্বাস্থ্য ক্যাডারে, ২০০ জন প্রশাসন ক্যাডারে এবং ১১৭ জন পুলিশ ক্যাডারে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। নন-ক্যাডার পদ রয়েছে ৩৯৫টি।





