ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চার দিন বিভিন্ন ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তিতে টাকা পাঠানোর লেনদেন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি ব্যবস্থার মাধ্যমে পি-টু-পি লেনদেনের অপব্যবহার রোধে ব্যক্তিগত হিসাবের সীমা নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন উপলক্ষ্যে প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে (এমএফএস) অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, এছাড়া সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দেখা দিলে তা দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।
৯৬ ঘণ্টার এই সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি) সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া এমএফএস প্রোভাইডার এবং ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে।





