নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক: মালিক সমিতি

জাতীয় নির্বাচনের এক দিন আগে, ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে। তবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, “১১ ফেব্রুয়ারি বাস চলবে। তবে সেই দিনের টিকিটের চাহিদা এখনও বেশি নেই। ১০ ফেব্রুয়ারি টিকিটের জন্য প্রচুর চাপ রয়েছে।”

১২ ফেব্রুয়ারি বাস চলাচলের ওপর আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি বলেন, “বেশিরভাগ চালক ও সহকারী ভোটের জন্য ছুটি নিয়েছেন। ভোট শেষ হওয়ার পর রাতের বেলায় সার্ভিস পুনরায় চালু হতে পারে।”

এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ভোটের দিন ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা থাকবে।

তবে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, সংবাদপত্র ও চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহনসহ কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিষেধাজ্ঞা কার্যকর বা শিথিল করতে পারবেন।