রমজানে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি রাখার আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে

আসন্ন পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং শুক্রবার ও শনিবারকে বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষকদের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৮ ফেব্রুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান আবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রেরণ করেন।

আবেদনে উল্লেখ করা হয়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজীর স্বাক্ষরিত আবেদনটি অধিদপ্তরে জমা পড়ে। বিষয়টি পরবর্তী সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আবেদনে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের ২৮ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে। ওই তালিকা অনুযায়ী পবিত্র রমজান মাসে আগামী ৫ মার্চ ২০২৬ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষকদের দাবি, রোজা রেখে নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য। পাশাপাশি সারাদিন রোজা পালনের পর তারাবিহ নামাজ আদায় করায় অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি হয়।

এ ছাড়া আবেদনে অভিযোগ করা হয়, ২০২৬ সালের মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বরের ২৫ ও ২৬ তারিখ-এই আট দিন সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির হিসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা যুক্তিসংগত নয়।

এ অবস্থায় পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটিগুলোকে বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য আবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।