রাশিয়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলা, আহত ৪ ভারতীয় শিক্ষার্থী

রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস ও রুশ তদন্তকারী কর্মকর্তারা।

রোববার এক বিবৃতিতে মস্কোতে নিযুক্ত ভারতীয় দূতাবাস জানায়, উফা শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত ওই হামলায় চার ভারতীয় শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন।

রুশ তদন্তকারী কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ১৫ বছর বয়সী এক কিশোর ছুরি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ঘটনাটি মস্কো থেকে প্রায় এক হাজার ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত উফা শহরের একটি ছাত্রাবাসে ঘটে।

হামলায় কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হন। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকারীরা জানান, হামলাকারী শিক্ষার্থীদের একজনের আচরণগত সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই অবগত ছিল। তবুও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ওই কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।