আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোনো ধরনের সভা, সমাবেশ কিংবা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার না করার কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাঠানো স্মারকের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রার্থী বা তাদের সমর্থকেরা সেমিনার, সংবর্ধনা বা যুব সমাবেশের নামে ভোটারদের জমায়েত করে প্রচারণার চেষ্টা করছেন। এসব আয়োজনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও হলরুম ব্যবহারের ঘটনাও দেখা যাচ্ছে।
এছাড়া, অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানেরা স্থানীয়ভাবে এসব সমাবেশের জন্য অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে আদেশে উল্লেখ করা হয়।
এ প্রেক্ষাপটে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সভা, সমাবেশ বা রাজনৈতিক কার্যক্রমের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি), উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।





