নোবেলের বিয়ের দেনমোহর ১০ লাখ টাকা!

ধর্ষণ মামলায় কারাবন্দি সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল কারাগারেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। মামলার বাদী, ইডেন কলেজের এক শিক্ষার্থীকে বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন তিনি।

আদালতের নির্দেশেই এই বিয়ের আয়োজন করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার মামলার বাদী ও আসামির সম্মতির ভিত্তিতে বিয়ের আদেশ দেন। এরপর কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে কারাগারে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

নোবেলের আইনজীবী অ্যাডভোকেট জসীম উদ্দিন ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইলা মণি গণমাধ্যমকে জানান, উভয় পক্ষের সম্মতিতে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়। বিয়ের সময় উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন, যাদের মধ্যে ছিলেন-নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া।

জানা গেছে, এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।

উল্লেখ্য, গত ২০ মে ইডেন কলেজের এক ছাত্রী নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

এই ঘটনার মধ্য দিয়ে এক সময় দুই বাংলার জনপ্রিয় গায়ক নোবেলের জীবন নতুন মোড় নিল।