বাংলাদেশ ভলেন্টিয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন মুন্সিগঞ্জের আসমাউল হুসনা জিম। শনিবার ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ‘নিরাপদ অ্যালায়েন্স’ এবং ‘ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক- ইউক্যান’ এর আয়োজনে “ভলেন্টিয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ ও মানবাধিকার বিষয়ক গোলটেবিল বৈঠক” অনুষ্ঠানে এ পুরস্কার লাভ করেন তিনি।
জিম সরকারি হরগঙ্গা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার বাড়ি মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায়। তিনি বর্তমানে “টিন-এক্স বাংলাদেশ”-এর ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব লিড হিসাবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটি সমাজের নারী ও শিশুদের অধিকার রক্ষার জন্য সামাজিক, মানসিক, আইনি ও ডিজিটাল সহায়তা এবং নিরাপত্তা পরিষেবা প্রদান করে থাকে।

জিম জানায়, মানসিক স্বাস্থ্যের যত্ন, সামাজিক ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ২২টি এনজিও, সিএসও এবং সংগঠন একত্রিত হয়ে গঠন করেছে ‘নিরাপদ আ্যলায়েন্স’। যার প্রেসিডেন্ট নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুরশিদ। এবারের অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার স্বীকৃতি হিসাবে এ অ্যাওয়ার্ড পান তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে আবৃত্তি ও উপস্থাপনা শৈলী বিভাগের শিক্ষার্থী ছিলেন জিম। এর আগেও বিভিন্ন বিষয়ে জাতীয় পর্যায়ে পুরষ্কার অর্জন করেছেন তিনি।





