আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) উপাচার্য হিসেবে অধ্যাপক নাইমা খাতুনের নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
এতে বলা হয়েছে, শনিবার এলাহাবাদ হাইকোর্ট আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) উপাচার্য হিসেবে অধ্যাপক নাইমা খাতুনের নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেয়।
বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র এবং ডোনাদি রমেশের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এএমইউ আইন, আইন এবং বিধিমালায় বর্ণিত পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে বলে তার নিয়োগ বহাল রেখেছেন।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক নাইমা খাতুনের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে রিট করেন অধ্যাপক মুজাহিদ বেগ। তবে আলাহাবাদ হাইকোর্ট এই রিট খারিজ করে বলেছেন, অধ্যাপক নাইমার স্বামী অধ্যাপক মোহাম্মদ গুলরেজ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে সভা পরিচালনা করলেও নিয়োগ প্রক্রিয়ায় তার ভূমিকা সীমিত ছিল এবং তা নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেনি।
বিশ্ববিদ্যালয়ের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের প্রেসিডেন্টের হাতে থাকে এবং কোনো অসততার প্রমাণ পাওয়া যায়নি। আদালত উল্লেখ করেছে, অধ্যাপক নাইমার যোগ্যতা সন্দেহাতীত এবং তার নিয়োগ সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত ও সম্মানিত।
প্রসঙ্গত, অধ্যাপক নাইমা খাতুন ২০২৪ সালের এপ্রিলে বিশ্ববিদ্যালয়ের ১০০ বছরেরও বেশি ইতিহাসে প্রথম মহিলা উপাচার্য হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস গড়েন। ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নিয়োগপত্রে স্বাক্ষর করেন।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন নাইমা খাতুন। এই বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে পিএইচডি করেছেন তিনি। ১৯৮৮ সালে সেই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপক হন ২০০৬ সালে। এরপর ২০১৪ সালে ওমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন তিনি।





