ভারতীয় নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ

ভারত সরকার তার নাগরিকদের ইরান ত্যাগ করার পরামর্শ দিয়েছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরিবর্তনশীল পরিস্থিতির’ কারণে দেশটির নাগরিকদের ইরান ছাড়ার জন্য বলা হয়েছে।

দূতাবাস আরও সতর্ক করেছে, ইরানে অবস্থানরত ভারতীয়দের উচিৎ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং যে সব এলাকায় আন্দোলন বা বিক্ষোভ চলছে, সেসব জায়গা এড়িয়ে চলাচল করা।

এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদেরও ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে।

ইরানে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ হলেও দ্রুত সময়ের মধ্যে তা সহিংস রূপ নেয়। সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশের মধ্যে, কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু সেনাকে সরানোর নির্দেশ দিয়েছে দেশটি।

বার্তাসংস্থা রয়টার্স বুধবার (১৪ জানুয়ারি) জানিয়েছে, তিন কূটনীতিক জানিয়েছে, সন্ধ্যার মধ্যেই তাদের ঘাঁটি ত্যাগ করতে বলা হয়েছে। তবে দোহার মার্কিন দূতাবাস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

দোহার আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি এবং এখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। এক কূটনীতিক জানিয়েছেন, “এটি কেবল অবস্থানের সাময়িক পরিবর্তন; ঘাঁটি সম্পূর্ণভাবে ছাড়ার কোনো নির্দেশনা নয়।” সেনাদের সরে যাওয়ার সুনির্দিষ্ট কারণও প্রকাশ করা হয়নি।