বলিভিয়ায় অর্থবাহী সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫ জন

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ানো বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। বিমানটি কয়েকটি যানবাহনের ওপর আছড়ে পড়ায় সেগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, নতুন ছাপানো নোট বহনকারী বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের নিকটবর্তী এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের সময় বিমানবন্দরের কাছাকাছি এসে সেটি রানওয়ে থেকে সরে গিয়ে সংলগ্ন একটি মহাসড়কে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ না থাকলেও এল আলতো বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বিমানটির যাত্রী এবং কতজন মহাসড়কে থাকা যানবাহনের আরোহী-তা নিশ্চিত করে বলা যায়নি।

এদিকে বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরা জানান, কার্গো বিমানটিতে মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ পাওয়া গেছে এবং বাকি দু’জন এখনও নিখোঁজ রয়েছেন। বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে এল আলতো শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

দুর্ঘটনার ফলে অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের চারপাশে ছড়িয়ে থাকা নোট সংগ্রহ করতে ভিড় করছেন উৎসুক জনতা।

তবে বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, এসব নোট আপাতত কোনো কাজে আসবে না। কারণ নোটগুলোতে এখনও সিরিয়াল নম্বর সংযোজন করা হয়নি। এক বিবৃতিতে তিনি বলেন, “বিমানটিতে থাকা নোটগুলো এখনও সম্পূর্ণ মুদ্রা হিসেবে বৈধ হয়নি। সিরিয়াল নম্বর সংযোজনের জন্যই সেগুলো কেন্দ্রীয় ব্যাংকে আনা হচ্ছিল।”