জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্র) এ আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেবেন। মাহফিলটির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর বিকেলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাতেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি দেন।