রমজান ও ঈদে নগদ লেনদেনের জন্য ডিএমপির বিশেষ ‘এস্কর্ট’ সেবা

আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য এবং আর্থিক লেনদেনের চাপ অনেকাংশে বেড়ে যায়। এই সময় বড় অঙ্কের নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী নিরাপদভাবে পরিবহনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ‘এস্কর্ট’ সেবা প্রদান করবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে নগদ লেনদেন ও ক্রয়-বিক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এজন্য ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চাইলে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনের সময় ডিএমপির সহায়তা নিতে পারবেন। তবে, সেবা গ্রহণের জন্য নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, আগাম তথ্য দিয়ে সংশ্লিষ্ট থানা অথবা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগের নম্বরগুলো হলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার জন্যও অনুরোধ করা হয়েছে।

নগরবাসীর নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ডিএমপি এ বিশেষ সেবা গ্রহণের জন্য সবাইকে আহ্বান জানিয়েছে।