সরকারি উদ্যোগে আট বিভাগে ‘ফ্যামিলি কার্ড’ পাইলট প্রকল্প শুরু

সরকার দেশের আটটি বিভাগের প্রতিটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলট পর্যায়ে) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এই কার্যক্রম পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিব এবং আরও সাতটি মন্ত্রণালয়ের সচিব।

কমিটির মূল দায়িত্ব হবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য একটি কার্যকর নকশা বা ডিজাইন প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটি উপজেলায় এই কার্ডের কার্যক্রম শুরু হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নারীদের জন্য বিদ্যমান অন্যান্য কর্মসূচিকে ফ্যামিলি কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কি না তা কমিটি পর্যালোচনা করবে। এছাড়া সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরি করতে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেসের মধ্যে সংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস (Management Information System) প্রণয়নের সুপারিশ কমিটি করবে।

সরকারের লক্ষ্য হলো আসন্ন ঈদুল ফিতরের আগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা। সেই অনুযায়ী, কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনের দিকনির্দেশনা অনুযায়ী, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এছাড়া কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখে।