মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য-দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১০ লাখের বেশি পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মহাখালিস্থ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পেলে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। সরকারের এ উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতে কর্মসূচিটি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনগণকেন্দ্রিক রাজনীতির কথা স্মরণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদানের কথা তুলে ধরেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিসিএফএফএ)-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।





