ইরানের ড্রোন আঘাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত

ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোন আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্য ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজেসিএ)-এর এক বিবৃতির বরাত দিয়ে টাইমস কুয়েত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ডিজিসিএ জানিয়েছে, “আজ সকালেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত করেছে। এতে বিমানবন্দরের বেশ কিছু অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছে এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করেছে।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে। ২৭ ফেব্রুয়ারি সেই সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

পরের দিন, ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে এবং একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়। যুদ্ধের প্রথম দিনে ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তা নিহত হন।

পরে হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ-সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান -এর মার্কিন সেনাঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।