যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর প্রতি সমর্থনের আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন আলী লারিজানি। তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর প্রধান ও সচিব হিসেবে এই বার্তা দেন।
আরবি ভাষায় লেখা ওই চিঠিতে লারিজানি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতে একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে প্রতিরোধী শক্তি। তিনি মুসলিম বিশ্বকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র কারও প্রতি বিশ্বস্ত নয় এবং ইসরায়েলকে তিনি তাদের শত্রু হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি আঞ্চলিক ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবার আহ্বান জানান এবং দাবি করেন, ইরান সবসময় মুসলিম দেশগুলোর সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখেছে এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করেনি।
ইরান বর্তমানে ‘মার্কিন-জায়নবাদী আগ্রাসনের’ শিকার বলেও উল্লেখ করেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে ধ্বংস করার লক্ষ্যেই এই যুদ্ধ শুরু করেছে। তবে এমন সংকটময় সময়ে মুসলিম দেশগুলোর সীমিত সমর্থন নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।
লারিজানি আরও বলেন, এই সংঘাত শেষ পর্যন্ত আগ্রাসী শক্তির জন্য ক্ষতিকর হবে, কারণ ইরানের জনগণ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটন-এর মধ্যে ২১ দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এর পরদিন যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।
এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতোমধ্যে তাদের ভূখণ্ডে ইরানি হামলার নিন্দা জানিয়েছে।





