ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি ফেনী মডেল থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলা এবং ছাগলনাইয়া থানায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
শনিবার (৯ আগস্ট) দুপুরে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শান্তিনগরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তপন এজাহারনামীয় আসামি। শুক্রবার রাতে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে ফেনীতে আনার জন্য পুলিশের একটি টিম ইতোমধ্যে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। ফেনীতে পৌঁছার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





