রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) হত্যাকাণ্ডে গ্রেপ্তার চার আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) এবং আরাফাত ইসলাম ফাহিম (২৭)।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার ভোরে বনানীর ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাহাত। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবক রাহাতকে ঘিরে ধরে ছুরিকাঘাত ও আঘাত করছে। শেষ পর্যন্ত এক যুবক তার হাতের কনুইতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনার পরদিন নিহতের বাবা রবিউল আউয়াল বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার চার আসামিই রাব্বির পরিচিত এবং নিয়মিত ওই সিসা বারে যাতায়াত করতেন।





