অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় ‘ডামি’ রাষ্ট্রপতি, হত্যা মামলার আসামি আবদুল হামিদ দেশ ছেড়েছেন বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করার দাবি জানান। না হলে সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান কাছে হস্তান্তর করে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে মো. রাশেদ খাঁন ছাড়াও ছিলেন যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, গণঅধিকার পরিষদদের দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান প্রমুখ।





